১৬ জুলাই ২০১৩ - ১৯:৩০
দক্ষিণ লেবাননে সিরিয়াপন্থী কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে অজ্ঞাত বন্দুকধারীরা সিরিয়াপন্থী একজন কর্মকর্তাকে হত্যা করেছে।

 বার্তা সংস্থা আবনা : দক্ষিণ লেবাননে অজ্ঞাত বন্দুকধারীরা সিরিয়াপন্থী একজন কর্মকর্তাকে হত্যা করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক মোহাম্মাদ দাররার জামোকে বুধবার সকালে  উপকূলীয় শহর সারাফান্দে নিজ বাসভবনের সামনে হত্যা করা হয়। এ সময় বন্দুকধারীরা জামোর সঙ্গে থাকা তার স্ত্রীকে গুলি করেনি।

নিহত জামো ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর অ্যারাব ইমিগ্র্যান্টসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ছিলেন। তিনি আরবি ভাষার নিউজ চ্যানেলগুলোর টক-শো অনুষ্ঠানের একজন নিয়মিত অতিথি ছিলেন এবং এ সব অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসাদের পক্ষে কথা বলতেন। তিনি সিরিয়ার অখণ্ডতা, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব আরোপ করতেন।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মারওয়ান শারবেল জামো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লেবাননে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেয়ার লক্ষ্যে জামোকে হত্যা করা হয়েছে। তিনি ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।